দীর্ঘ লাইনের ঝামেলা কমাতে অনলাইন টিকিটিং চালু করল বিএমইউ

রোগীদের ভোগান্তি কমানো, অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ এবং বহির্বিভাগ সেবা আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) অনলাইন টিকিটিং সিস্টেম চালু করেছে।

এখন থেকে রোগীদের আর বহির্বিভাগের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। বিএমইউ-এর ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে টিকিট প্রিন্ট করা যাবে। নির্ধারিত বিভাগ ও সময় অনুযায়ী রোগীরা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।নতুন এই সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে। এ সময় বিএমইউ ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে নতুন সিস্টেম বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমরা চাই প্রত্যেক রোগী দ্রুত ও সুবিধাজনক সেবা পায়। টিকিটের জন্য দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীদের কষ্ট দেয়। অনলাইন টিকিটিং এই সমস্যা সমাধানের একটি বড় পদক্ষেপ।”তিনি আরও বলেন, “এই উদ্যোগ রোগীদের ভোগান্তি কমানোর পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। এখন রোগীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময়ে হাসপাতালে আসতে পারবেন। এতে সময় বাঁচবে এবং অপেক্ষার ঝামেলাও কমবে। শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, তবে সবার সহযোগিতায় এটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব।”অনুষ্ঠানে অন্য বক্তাদের মধ্যে ছিলেন প্রশাসন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, গবেষণা ও উন্নয়ন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরিন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।বক্তারা বলেন, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতে বিএমইউ একটি বিশ্বস্ত নাম। অনলাইন টিকিটিং সিস্টেম চালুর মাধ্যমে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের সূচনা হলো। ভবিষ্যতে অন্যান্য হাসপাতাল সেবাও অনলাইনে আনা হলে রোগীরা আরও সহজে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

Leave a Comment