৩০০ কোটি টাকায় গুলশানে জমি কিনবে এমটিবি

নিজস্ব ভবন নির্মাণের উদ্দেশ্যে ৩০০ কোটি টাকায় গুলশানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পরিচালনা পর্ষদের গত বুধবারের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় গুলশানে ৪৫০ কোটি টাকায় একটি ভবনের ১৫ তলা কেনার পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এমটিবি বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে এসব সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদ গুলশানের একটি ২১ তলা ভবনের ১৫ তলা কেনার সিদ্ধান্ত নিয়েছিল। ভবনটির নিচতলা থেকে ১৪ তলা পর্যন্ত মোট ১৫ তলা কিনতে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৪৫০ কোটি টাকা (নিবন্ধন ফি ও ভ্যাট ব্যতীত)। এতে প্রতিটি তলার জন্য ব্যাংকের খরচ দাঁড়াত প্রায় ৩০ কোটি টাকা। তবে সম্প্রতি ব্যাংকটি এই পরিকল্পনা থেকে সরে এসে নতুনভাবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের ১১৩ নম্বর সড়কের ১১০ নম্বর বাড়ির ১ বিঘা (২০ কাঠা) জমি কিনবে ব্যাংকটি। এর জন্য প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ব্যাংকটি জমি ক্রয় কার্যক্রম সম্পন্ন করবে। অনুমোদন মেলে গেলে ওই জমিতেই ব্যাংকটির নিজস্ব ভবন নির্মাণ করা হবে।

অন্যদিকে, একই সভায় পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনও অনুমোদন করেছে। প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়কালে এমটিবি ২০৯ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের সমান। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৭৬ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৭৯ কোটি টাকা।

উল্লেখ্য, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ১২ টাকা। বৃহস্পতিবার মুনাফার ঘোষণার পর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ১২ টাকা ২০ পয়সায়।

Leave a Comment